দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০২:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 37
দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির কোনো পাঁয়তারা সফল হতে দেওয়া হবে না।
শনিবার সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।
পরিদর্শনকালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময় আহত সদস্যদের সাহস জোগানোর পাশাপাশি দায়িত্ববোধের প্রশংসা করেন মন্ত্রী। তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। কারও মাথায় আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙে গেছে। ইতোমধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় তাঁরা প্রয়োজনে প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেদের গুরুতর আহত হওয়ার পরও বাহিনীর সদস্যরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। তাঁরা কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন এবং তাঁরা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন।
তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করা ব্যক্তিরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে মন্তব্য করেন মন্ত্রী। তাঁর ভাষ্য, এ ধরনের অপচেষ্টা কখনোই সফল হবে না।
সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের ভেতরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।
এ ছাড়া বিদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
হাসপাতাল পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা করার নির্দেশ দেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন এবং চিকিৎসাসেবার মান বাড়াতে নেওয়া প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।
পুলিশ সদস্যদের চিকিৎসার বড় একটি অংশ আঘাতজনিত হওয়ায় হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং এ-সংক্রান্ত বিশেষায়িত সেবার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক্সের পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ক্যান্সার ইউনিট বা শাখা চালুর বিষয়েও ইতিবাচক মত দেন তিনি।
এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদরে এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। তাঁরা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।























