মারা গেলেন অস্ট্রেলীয় রেসলার ব্রনসন রিড
- আপডেট সময় ০১:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 55
বিশ্ব রেসলিংয়ের পরিচিত মুখ ব্রনসন রিড আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ার এই পেশাদার রেসলার। রিংয়ে ব্রনসন রিড নামে পরিচিত হলেও তার আসল নাম ছিল জারমেইন হ্যালি।
শুক্রবার (২৭ নভেম্বর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চিকিৎসাসংক্রান্ত জটিলতায় তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পেছনে নির্দিষ্ট কোনো রোগ বা শারীরিক সমস্যার নাম প্রকাশ করা হয়নি।
এক আনুষ্ঠানিক শোকবার্তায় ডব্লিউডব্লিউই জানায়, ব্রনসন রিডের অকাল প্রয়াণে তারা গভীরভাবে শোকাহত। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
গত ৭ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত ‘ক্রাউন জুয়েল’ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ দেখা গিয়েছিল রিডকে। ওই আয়োজনে তার কোনো ম্যাচে অংশ নেওয়ার কথা না থাকলেও নিজের দল ‘দ্য ভিশন’-এর সদস্য ব্রন ব্রেকার ও অস্টিন থিওরির লড়াইয়ে হস্তক্ষেপ করেন তিনি। একপর্যায়ে ওবা ফেমির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মঞ্চ থেকে একটি টেবিলের ওপর পড়ে যান।
ওই ঘটনার পর বিভিন্ন সংবাদমাধ্যমে রিডের গুরুতর আহত হওয়ার খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছিল, তার পাঁজরের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি ফুসফুস ও কিডনিতে আঘাত লাগে। উন্নত চিকিৎসার জন্য তাকে সৌদি আরবেই অবস্থান করতে হয়েছিল। পরে ১৮ নভেম্বর অস্ট্রেলিয়ায় ফেরেন তিনি। তবে ক্রাউন জুয়েলে পাওয়া আঘাতের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে ডব্লিউডব্লিউই এখনো কিছু নিশ্চিত করেনি।
ডব্লিউডব্লিউইর ‘দ্য ভিশন’ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রনসন রিড। এই দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন ব্রন ব্রেকার, সেথ রলিন্স ও পল হেইম্যান। রোমান রেইনসের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতাও রেসলিংপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। ২০২৫ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘ক্রাউন জুয়েল’ আয়োজনে অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইটে রেইনসকে পরাজিত করেন রিড। জয়টি তার পেশাদার ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি।
২০০৭ সালে অস্ট্রেলিয়ায় রেসলিংয়ের মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। আন্তর্জাতিক রেসলিং অঙ্গনে ‘জোনা রক’ নামেও পরিচিত ছিলেন এই তারকা। ২০১৯ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দিয়ে এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতেন। ২০২১ সালে প্রতিষ্ঠানটি ছাড়ার পর নিউ জাপান প্রো-রেসলিং ও ইমপ্যাক্ট রেসলিংয়ে কাজ করেন। পরবর্তী বছরই আবার ডব্লিউডব্লিউইতে ফিরে আসেন।
মৃত্যুকালে স্ত্রী পেইজ ও এক কন্যাসন্তান রেখে গেছেন ব্রনসন রিড। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। ডব্লিউডব্লিউইর পক্ষ থেকে তাকে শুধু শক্তিশালী ও দক্ষ রেসলার হিসেবেই নয়, বরং পরিবারের প্রতি দায়িত্বশীল এবং সহকর্মীদের কাছে প্রিয় একজন মানুষ হিসেবেও স্মরণ করা হয়েছে।
























