জুমার নামাজের পর মিছিলের চেষ্টা, চট্টগ্রামে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক
- আপডেট সময় ০৪:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 15
চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় মিছিল বের করার চেষ্টার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় মিছিল বের করার চেষ্টা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও বিএনপি-সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে জুমার নামাজ শেষে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে তারা মিছিল শুরুর চেষ্টা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ওই এলাকায় আগে থেকেই পুলিশ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। মিছিল শুরু করার চেষ্টা করলে পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের অলিগলিতে ঢুকে পড়েন। পরে ওই এলাকা ঘেরাও করে বেশ কয়েকজনকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
























