জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল
- আপডেট সময় ১০:২০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 22
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিভিন্ন দেশে এ ধরনের অপরাধের বিচারের নজির তুলে ধরবেন।
বেলা ১১টায় ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। কার্যক্রমটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, যুক্তিতর্কে শুধু বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থা নিয়ে আলোচনা সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধ কিংবা দেশীয় ট্রাইব্যুনালে এ ধরনের গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের নজিরও তুলে ধরা হবে।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা নিয়ে বিভিন্ন তথ্য ও আইনি ব্যাখ্যা তুলে ধরেন তারা। আজকের যুক্তিতর্কে আসামিকে দোষী সাব্যস্ত করা এবং তাঁর দণ্ডের বিষয়ে যুক্তি উপস্থাপনের কথা রয়েছে।
গত ২৪ নভেম্বর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিনের শুনানিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার ঘটনাপ্রবাহ তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
এর আগে গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন।
১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগটি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ের। প্রসিকিউশনের অভিযোগ, এ সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।
তৃতীয় অভিযোগেও একই সময়ে ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের দাবি, তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।




















