এবার আইপিএলকেই না বললেন ফিজ
- আপডেট সময় ০১:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 18
আইপিএলকে না বললেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৭ সালের আসরের মিনি নিলামের জন্য নিবন্ধন করেননি তিনি। একই পথে হেঁটেছেন আরেক পেসার নাহিদ রানাও। বুধবার (২৫ নভেম্বর) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রকাশিত নিলামে নাম নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
গত আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজ। নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলা হয়নি এই বাংলাদেশি পেসারের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। এ নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
এরপর বিষয়টি আরও জটিল আকার ধারণ করে। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল।
এবারের আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজের পাশাপাশি নাহিদ রানার অনুপস্থিতিও নজর কেড়েছে। সবশেষ ভারত সফরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আলোচনায় ছিলেন এই পেসার। তবে তিনিও এবার নিলামের জন্য নাম নিবন্ধন করেননি।
এদিকে আইপিএলের মিনি নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
এবারের নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ভারতের ৯৩৯ জন এবং বিদেশি ক্রিকেটার ২৮১ জন। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন খেলোয়াড়কে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।
























