যৌথ মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৯:২৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 17
সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই ভূখণ্ডে প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলন স্থল ঘুরে দেখবেন। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন মঙ্গলবার স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।























