আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- আপডেট সময় ১২:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 34
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি খাতটির বিকাশে ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের কোনো বিকল্প নেই। এ খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে।
এ ছাড়া দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের।
চাকরির পেছনে বছরের পর বছর না ছুটে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, তরুণদের চাকরি খোঁজার পরিবর্তে চাকরি দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, এসএমই খাতের উন্নয়নে সরকার একটি নীতিমালা প্রণয়ন করছে। এটি শিগগিরই বাস্তবায়ন করা হবে।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেন প্রধানমন্ত্রী।
পুরস্কারের ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
























