পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় হামলার নিন্দা রিজভীর
- আপডেট সময় ০২:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 56
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনো স্থান পাবে না। দেশজুড়ে অরাজকতা বন্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং কঠোর শাস্তি দেওয়া জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতি দেন রিজভী। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে রিজভী দাবি করেন, শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনে হামলা চালিয়েছে। ঘটনাটিকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতরে আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নানা ধরনের অরাজকতা চালাচ্ছে।
রিজভী বলেন, বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও নানা অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে বলে তারা মনে করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টরা তাদের পুরোনো চেহারাই আবার প্রকাশ করছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনোই স্থান পাবে না। এখন পর্যন্ত বিএনপি সরকারের সহনশীলতাকে ফ্যাসিস্টরা যদি দুর্বলতা ভেবে থাকে, তাহলে আমি বলব তারা নির্বোধ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা মেরে সরকারকে ভয় দেখানো যাবে না। এখন আর ধৈর্য নয়, সরকার যেকোনো মূল্যে দেশের মানুষের জানমাল রক্ষায় ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে।’
জুলাই-আগস্টের ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ওই সময় ব্যাপক নির্যাতন চালিয়ে হাজার হাজার মানুষ হত্যার পরও ফ্যাসিস্ট শাসকের কোনো অনুশোচনা নেই। বাংলাদেশের জনগণ কখনোই সেই ফ্যাসিস্টদের দেশের মাটিতে স্থান দেবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চক্রান্তকারীরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।


























