সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক
- আপডেট সময় ০৯:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 21
বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। তাঁদের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন। দীর্ঘদিন দ্বীপে অবস্থান করায় অনেকের খাবারের জন্য রাখা অর্থও প্রায় শেষ হয়ে এসেছে। দেখা দিয়েছে আর্থিক সংকট। এর মধ্যে এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
আটকে পড়া ৯৬ জনের মধ্যে জাবিপ্রবির সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬৫ জন রয়েছেন। জাবিপ্রবির আহত শিক্ষার্থীর হাঁটুর প্যাটেলা বা হাঁটুর হাড় স্থানচ্যুত হয়েছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ায় তাঁকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জাবিপ্রবির ৩১ সদস্যের দলে রয়েছেন দুজন শিক্ষক ও ২৯ জন শিক্ষার্থী। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর শিক্ষা সফরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা দ্বীপে আটকা পড়েন।
বিভাগটির প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে তাঁদের জানানো হয়, বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানানো হয়। এতে তাঁরা বিপাকে পড়েছেন। দীর্ঘ সময় দ্বীপে অবস্থান করায় খাবারের জন্য রাখা টাকাও প্রায় শেষ হয়ে এসেছে।
জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ ৩১ জন সেন্টমার্টিনে আটকা পড়েছেন। তাঁদের একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। এ ছাড়া তাঁরা আর্থিক সংকটেও পড়েছেন। দ্রুত তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা দ্বীপে নেই।
কোস্টগার্ড জানিয়েছে, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় তাঁকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে।























