এএফসি অ্যাওয়ার্ড নাইটে প্রথমবার একসঙ্গে দুটি পুরস্কার পেল বাফুফে
- আপডেট সময় ০২:৩৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 14
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে প্রথমবারের মতো দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আয়োজনে সংস্থাটিকে মেম্বার অ্যাসোসিয়েশন বিভাগের রুবি ও গ্রাসরুট ফুটবল বিভাগের সিলভার পুরস্কার দেওয়া হয়।
এএফসি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের গ্রাসরুট ক্যাটাগরিতে গত বছর ব্রোঞ্জ পুরস্কার পেয়েছিল বাংলাদেশ। এবার এক ধাপ এগিয়ে সিলভার বিভাগে মনোনয়ন পায় বাফুফে। এই বিভাগে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল গুয়াম ও ভারত। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সিলভার স্তরে উন্নীত হওয়ার অল্প সময়ের মধ্যেই এই স্বীকৃতি এল। শেষ পর্যন্ত ভারতকে পেছনে ফেলে পুরস্কার জেতে বাফুফে। গত দুই বছরে ফুটবলের তৃণমূল পর্যায়ের উন্নয়নে নেওয়া বিভিন্ন কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
মেম্বার অ্যাসোসিয়েশন বিভাগে ফেডারেশনের সার্বিক কর্মকাণ্ড, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে রুবি পুরস্কার পেয়েছে বাফুফে। গত বছরও এই বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেনি সংস্থাটি। এবার লাওস ও গুয়ামকে হারিয়ে সেরা হয়েছে বাংলাদেশ। এ বিভাগের অন্য পুরস্কারগুলো পেয়েছে জাপান (প্লাটিনাম), ভারত (ডায়মন্ড) ও থাইল্যান্ড (গোল্ড)।
বাফুফে ২০১৫ সালে এএফসি অ্যাসপায়ার মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল। এরপর দশ বছরের বিরতি ভেঙে গত বছর আবার এএফসির পুরস্কার পায় বাংলাদেশ। সেবার দুই বিভাগে মনোনয়ন পেয়ে একটিতে জিতেছিল সংস্থাটি। এবার দুটি বিভাগেই মনোনয়ন পেয়ে দুটিতেই পুরস্কার জিতল তারা।
আঞ্চলিক সংস্থা হিসেবে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেনি। ফিফার অর্থায়নে আসিয়ান কাপ আয়োজনের স্বীকৃতিস্বরূপ সেরা আঞ্চলিক সংস্থার পুরস্কার পেয়েছে আসিয়ান।
অনুষ্ঠানে বাফুফের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাবেক জাতীয় ফুটবলার ও নির্বাহী সদস্য গোলাম গাউস। অসুস্থতার কারণে বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী উপস্থিত থাকতে পারেননি।

























