সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ উত্তরা থেকে আটক
- আপডেট সময় ০৪:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 30
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করছিলেন নুরুল ইসলাম নাহিদ। বুধবার গভীর রাতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটকের পর এসব মামলাসহ সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর দেশের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
























