শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: যুক্তরাষ্ট্র
- আপডেট সময় ১২:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 52
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।’ সম্প্রতি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়ে তাদের অবস্থান জানতে চাওয়া হলে তিনি এমন মন্তব্য করেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
গত জুলাইয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। এর প্রায় চার মাস পর গত সপ্তাহে রয়টার্সের আরেক প্রতিবেদনে তাঁর নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার তথ্য প্রকাশিত হয়।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে তাঁকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে ঢাকা। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই আইনি প্রক্রিয়ার বিষয়টি উল্লেখ করেছে।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মুখপাত্র বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ওপর বিষয়টি ছেড়ে দেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
ই-মেইলে পাঠানো জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।’





















