জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার বাংলাদেশে আসছেন
- আপডেট সময় ০৯:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 38
মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে আট দিনের সফরে বাংলাদেশে আসছেন দেশটির মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি। বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগের ওপর নজর দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাঁকে জানিয়েছে, তারা এই সফর আয়োজনে প্রস্তুত নয়।
বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। তাঁর সফরসূচিতে ঢাকায় বেশ কয়েকটি বৈঠক ছাড়াও কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। বিশেষ র্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তাঁর পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।





















