দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইউক্রেন
- আপডেট সময় ০২:১৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 20
উত্তর কোরিয়ার যুদ্ধবন্দিদের হস্তান্তর নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইউক্রেনের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। দুই দেশের সম্পর্ক আবারও স্বাভাবিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইউক্রেনীয় সংবাদমাধ্যমের বরাতে দেশটির জাতীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে সিবিহা জানান, জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে তাঁর ভালো আলোচনা হয়েছে। বৈঠকে সাম্প্রতিক মতবিরোধের বিষয়গুলো নিয়েও খোলামেলা কথা হয়েছে।
সিবিহা বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করতে পরবর্তী পদক্ষেপগুলো এখন স্পষ্ট। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরও গতিশীল ও উচ্চপর্যায়ের সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এর আগে গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেওয়া উত্তর কোরিয়ার দুই বন্দি সেনাকে দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তর করেছে ইউক্রেন।
তবে দক্ষিণ কোরিয়ার দাবি, এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার সমঝোতা ছিল। বিষয়টি প্রকাশ্যে আসায় উত্তর কোরিয়ায় ওই সেনা ও তাঁদের পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে উদ্বেগ জানায় সিউল। এ ঘটনার পর গত মাসে ইউক্রেন থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় দক্ষিণ কোরিয়া।
বিরোধের বিষয়ে এর আগে সিবিহা বলেছিলেন, গোপনীয়তা রক্ষার সমঝোতা নিয়ে দুই দেশের মধ্যে ব্যাখ্যাগত পার্থক্য ছিল। তবে ইউক্রেন তাদের সব দায়িত্ব পালন করেছে।
সাম্প্রতিক বক্তব্যে সিবিহা দক্ষিণ কোরিয়ার অতীত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে দেশটির সমর্থন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানান।
ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে রাশিয়ার পক্ষে যুদ্ধে সহায়তা করতে উত্তর কোরিয়া আনুমানিক ১৪ থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে। তাঁদের অধিকাংশকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে মোতায়েন করা হয়েছিল।
সূত্র: রয়টার্স






















