ফরিদপুরে তিন অভিযানে বিদেশি মদ-বিয়ারসহ গ্রেপ্তার ৩
- আপডেট সময় ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 17
ফরিদপুর শহরের তিনটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৯ লিটার বিদেশি মদ ও ৮৩টি বিয়ার ক্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত চার ঘণ্টার ব্যবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শোভন কুমার সাহা ওরফে কৃষ্ণ (২৯), শোভন হাসান পারভেজ (২৮) ও মো. আশিক শেখ (২৬)।
শনিবার দুপুরে এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্প (সিপিসি-৩) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয় ফরিদপুর কোতোয়ালি থানার টেপাখোলা কালীবাড়ি মন্দির এলাকায়। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে ২০ লিটার বিদেশি মদ ও ৪৮টি বিয়ার ক্যানসহ শোভন কুমার সাহাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৩ হাজার টাকা।
এরপর রাত ৩টা ৫৫ মিনিটে মামুদপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় ৩৫টি বিয়ার ক্যানসহ শোভন হাসান পারভেজকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা বিয়ারের আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা।
সর্বশেষ শনিবার ভোর ৬টার দিকে অম্বিকাপুরের চরগিয়নদিয়া এলাকায় তৃতীয় অভিযান চালিয়ে ১৯ লিটার বিদেশি মদসহ মো. আশিক শেখকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেপ্তার শোভন কুমার সাহা দক্ষিণ টেপাখোলা এলাকার নিতাই কুমার সাহার ছেলে। পারভেজ মামুদপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এবং আশিক অম্বিকাপুরের চরগিয়নদিয়া এলাকার মো. সেকেন শেখের ছেলে।
তিনটি অভিযানে মোট ৩৯ লিটার বিদেশি মদ ও ৮৩টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১৮ হাজার টাকা।
এসআরবি-১০-এর দাবি, গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদককারবারি। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধার করা মাদকসহ তাঁদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরে শনিবার বিকেলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে মাদক নির্মূলে কাজ করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।






















