উগান্ডায় ৩৮ জনকে হত্যার অভিযোগে নরখাদক গ্রেপ্তার
- আপডেট সময় ১১:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 26
উগান্ডায় ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে ৩৮ জনকে হত্যার পাশাপাশি তাঁদের মাংস খাওয়ার অভিযোগে মুজুরিজি মোসেস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রায় ১৫ বছর ধরে দেশটির মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রেপ্তারের তথ্য জানান উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। মোসেসকে দেশের ইতিহাসের ভয়ংকর খুনিদের একজন হিসেবে উল্লেখ করে তিনি জানান, তাঁর প্রকাশ্যে বিচার করা হবে। তবে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই শাস্তি সম্পর্কে এমন মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় তদন্তকারীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে অত্যন্ত নৃশংস পদ্ধতিতে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। মোসেসের বিরুদ্ধে পুরো পরিবারকে লক্ষ্যবস্তু করার অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে বাসিন্দাদের ওপর হামলা চালাতেন তিনি। এক পেন্টেকস্টাল যাজকের বাড়িতে ঢুকে তাঁর পরিবারের সদস্যদের হত্যার অভিযোগও রয়েছে মোসেস ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
এ ছাড়া প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এর আগে কয়েকবার গ্রেপ্তার হলেও পরে তিনি পালিয়ে যেতে বা মুক্তি পেতে সক্ষম হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের পর মোসেসের আস্তানা থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি, দীর্ঘদিনের নিখোঁজ ব্যক্তিদের ঘটনা এবং পুরোনো হত্যাকাণ্ডের নথির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি ধরাছোঁয়ার বাইরে থাকার পর গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে বিচারিক প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি























