জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান
- আপডেট সময় ১২:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 18
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে এ আয়োজন করা হয়। এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে মঙ্গলবার দুই দেশের মধ্যে নির্ধারিত শীর্ষ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও তারা মতবিনিময় করেন।
এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে তারেক রহমানকে স্বাগত জানান সানায়ে তাকাইচি। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর তারা দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তার।
সফরের প্রথম দিন সোমবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এ ছাড়া মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গেও পৃথক বৈঠক করেন তিনি।
























