শাহাদাত হোসেন এবার চট্টগ্রাম সিটির প্রশাসক
- আপডেট সময় ০৬:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 19
আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পাওয়া বিএনপি নেতা শাহাদাত হোসেনকে এবার একই সংস্থার পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বের বিপরীতে বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন তিনি। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চেও শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের প্রস্তাব তৈরি করেছিল স্থানীয় সরকার বিভাগ। তবে সে সময় এ বিষয়ে কোনো আদেশ জারি করা হয়নি।
এবার নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়া এবং মেয়র হিসেবে শাহাদাত হোসেনের দায়িত্ব পালন নিয়ে প্রশ্নের মধ্যে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। আদালতের রায়ে মেয়র হওয়ার পর একই সিটি করপোরেশনে প্রশাসকের দায়িত্বও পেলেন বিএনপির এই নেতা।























