ইশরাকের পদত্যাগের প্রজ্ঞাপন জারি, ‘নতুন পথের সূচনা’ বললেন মাহদী আমিন
- আপডেট সময় ০৩:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 35
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে ইশরাকের পদত্যাগকে রাজনৈতিক জীবনের সমাপ্তি নয়, বরং ভবিষ্যতে আরও বৃহত্তর ও জনমুখী দায়িত্ব পালনের সুযোগ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা গেছে। পরে তিনি পদত্যাগ করেন।
সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে ইশরাকের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানান মাহদী আমিন। তিনি লেখেন, ইশরাকের এই পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি, সংশোধন এবং সাধারণ মানুষের ভালোবাসার মধ্য দিয়ে তার সামনে আরও বৃহত্তর ও জনমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের পথ খুলে যেতে পারে।
পোস্টে মাহদী আমিন জানান, এক সপ্তাহের জন্য ওমরাহ পালনে তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকেই ইশরাকের পদত্যাগের খবর জানতে পেরেছেন। ইশরাকের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি একসঙ্গে কাজ করার নানা স্মৃতির কথাও তুলে ধরেন।
মাহদী আমিন আরও লেখেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে ইশরাকের ভূমিকা এবং তার পারিবারিক ঐতিহ্য সম্পর্কে অনেকেই জানেন। বিএনপির তরুণদের সম্পৃক্ত করা, কূটনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও তারা একসঙ্গে কাজ করেছেন বলে উল্লেখ করেন তিনি। জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেমের প্রতি ইশরাকের অঙ্গীকারেরও প্রশংসা করেন মাহদী।
তবে ইশরাকের সাম্প্রতিক কাজের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বা মতভিন্নতা থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে যে উদ্যোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, তার লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে তার কোনো দ্বিধা নেই বলেও পোস্টে উল্লেখ করেন মাহদী আমিন।
প্রতিমন্ত্রীর পদ কিংবা পদত্যাগপত্র দিয়ে ইশরাকের রাজনৈতিক পরিচয় ও আত্মত্যাগের মূল্যায়ন করা যায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তার ভাষ্য, সাময়িক কোনো সিদ্ধান্তের চেয়ে দল, দেশ ও মানুষের কল্যাণে ইশরাকের অবদান এবং আন্তরিক অবস্থান বেশি গুরুত্বপূর্ণ।
পোস্টের শেষাংশে মাহদী আমিন আবারও বলেন, ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। আত্মোপলব্ধি, সংশোধন ও সাধারণ মানুষের ভালোবাসার মধ্য দিয়ে ভবিষ্যতে তার জন্য আরও বৃহত্তর ও জনমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের সুযোগ তৈরি হতে পারে।

























