‘তেরঙা ওড়াও’ কর্মসূচির আগে ফের আটক তেলাপোকা নেতা অভিজিৎ
- আপডেট সময় ০৭:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 26
ভারতের দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার সময় আবারও আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আটক হলেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি পালনের কথা ছিল। এতে যোগ দিতে যাওয়ার কিছুক্ষণ আগেই সিজেপির আহ্বায়ককে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ।
ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে অভিজিৎ দীপকের বাড়িতে যায় দিল্লি পুলিশ। প্রথমে তাঁকে কর্মসূচিতে অংশ না নিতে নোটিশ দেওয়া হয়। তবে নোটিশ উপেক্ষা করে বাড়ি থেকে বের হলে তাঁকে আটক করা হয়।
এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দীপকের দাবি, তাঁকে তেরঙা কর্মসূচি বাতিল করতে বলা হয়েছিল। ভিডিওতে দেখা যায়, সোফায় বসে ওই পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করছেন দীপকে, ‘আমার বিরুদ্ধে আপনি কী ধরনের অভিযোগ এনেছেন?’
এর আগে ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার আগেও আটক হয়েছিলেন দীপকে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। মুম্বাই থেকে দিল্লিতে যাওয়ার পথে বিমানের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।
সিজেপির শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন দীপকে। তবে কর্মসূচির আগেই দিল্লিতে তাঁর বাড়ি ঘিরে ফেলে পুলিশ।
বৃহস্পতিবার সিজেপির নেতাকর্মীদের সতর্ক করে দিল্লি পুলিশ জানায়, ১৬৩ ধারা অমান্য করে কনট প্লেস এলাকায় চার বা তার বেশি ব্যক্তি জমায়েত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে শুক্রবার দিল্লি পুলিশ জানায়, ১১ জনকে জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পুলিশের দেওয়া এই অনুমতির তালিকায় অভিজিৎ দীপকের নাম রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
সূত্র: এনডিটিভি
























