ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বৈঠক
- আপডেট সময় ০৯:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 26
দেশের সব নাগরিকের জন্য শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্ল। দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। এ সময় বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সহযোগিতা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে ফ্রান্সের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, কৃষির উন্নয়ন, ইকো-ট্যুরিজম সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যের প্রসঙ্গ তুলে ধরে সাচিং প্রু বলেন, শিক্ষা খাতকে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার মান উন্নয়ন এবং মানুষের সামগ্রিক জীবনযাত্রার পরিবর্তনে সেখানে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পার্বত্য চট্টগ্রামে কফি ও কাজুবাদাম চাষকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আলোচনায় পার্বত্য এলাকায় পরিবেশবান্ধব পর্যটন বিকাশ, শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা, সুষম উন্নয়ন নিশ্চিত করা এবং শিক্ষার গুণগত মান বাড়ানোর বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে দুই পক্ষ সম্মতি জানায়।
দ্বিপাক্ষিক এই বৈঠকে ফ্রান্সের গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাটাচে এমিলি পাহালুন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।






















