ইরান থেকে মার্কিন বাহিনী সরে যাওয়ার দাবি
- আপডেট সময় ১০:০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 21
ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনী এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। তাঁর দাবি, ইরানের সামরিক শক্তির কারণেই মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, “আমেরিকানরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না। ইসলামিক রিপাবলিক ও আইআরজিসির স্থলবাহিনীর শক্তির কারণেই তারা এমনটা করতে বাধ্য হয়েছে।”
ফাদাভি আরও দাবি করেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে বর্তমানে কোনো মার্কিন নৌযান নেই। তাঁর ভাষ্য, মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার ক্ষেত্রে ‘১০০ শতাংশ ঝুঁকিপূর্ণ’।
তবে আইআরজিসি কমান্ডারের এসব দাবির মধ্যেই ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে গত জুলাই থেকে এখন পর্যন্ত ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
সূত্র: প্রেস টিভি





















