ইংল্যান্ড শিবিরে আলোচনায় ম্যানচেস্টার সিটির রায়
- আপডেট সময় ১১:০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 30
নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। তবে ম্যাচের আগে আলোচনায় প্রাধান্য পাচ্ছে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে দেওয়া স্বাধীন কমিশনের সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে ইংল্যান্ড দলের খেলোয়াড়দের মধ্যেও আলোচনা চলছে বলে জানিয়েছেন কোচ টমাস টুখেল।
২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং তদন্তে অসহযোগিতার কয়েকটি অভিযোগের বিষয়ে সিটির বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছে স্বাধীন কমিশন। শুক্রবার (২ অক্টোবর) ক্লাবটি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। শুরু থেকেই সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে ম্যানচেস্টার সিটি।
ইংল্যান্ড জাতীয় দলে থাকা সিটির খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন ও সেন্টার-ব্যাক মার্ক গুয়েহি। তবে চোটের কারণে লেফট-ব্যাক নিকো ও’রাইলি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্লাবে ফিরে গেছেন।
সিটির বিরুদ্ধে রায় নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে টুখেল জানান, বিষয়টি দলের মধ্যে বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
ইংল্যান্ডের কোচ বলেন, ‘ম্যাচগুলোর মাঝখানে আমরা কিছুটা অবসর সময় পেয়েছিলাম। এটি বড় একটি আলোচনার বিষয়। সবাই এ নিয়ে কথা বলছে। তাই আলাদা করে কাউকে কিছু বলার প্রয়োজন নেই। এ বিষয়ে আমার জ্ঞানও সীমিত, ফলে এ নিয়ে মন্তব্য করার প্রয়োজন বোধ করছি না।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই খেলোয়াড়েরা বিষয়টি নিয়ে কথা বলছে। সিটির খেলোয়াড়েরাও আলোচনা করছে। তাদের সঙ্গে আমাদেরও সংক্ষিপ্ত কথা হয়েছে। তবে তারা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। দলের মধ্যে এটি বড় আলোচনার বিষয়।’
প্রিমিয়ার লিগ থেকে ম্যানচেস্টার সিটি অবনমিত হলে ক্লাবটির খেলোয়াড়দের ইংল্যান্ড দলে বিবেচনা করা হবে কি না, এমন প্রশ্নেও নিজের অবস্থান পরিষ্কার করেন টুখেল। তাঁর মতে, খেলোয়াড়ের ক্লাব কোন লিগে খেলছে, সেটিই জাতীয় দল নির্বাচনের একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না।
টুখেল বলেন, ‘এমন পরিস্থিতি সবসময়ই তৈরি হতে পারে। কোনো ক্যাম্প, বিশেষ উপলক্ষ কিংবা টুর্নামেন্টের জন্য আমি সবসময় সেরা দল বেছে নেওয়ার চেষ্টা করব। কোনো খেলোয়াড় নিজ দেশের শীর্ষ লিগে খেলছেন না বলে তাঁকে বিবেচনা করা হবে না—এমনটা আমি মনে করি না। প্রতিটি বিষয় আলাদাভাবে মূল্যায়ন করতে হবে।’
নেশনস লিগের গ্রুপ এ৩-তে তিন পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ওয়েম্বলিতে স্পেনের কাছে ৩-২ গোলে হারের পর প্রাগে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে দলটি।
শনিবার (৩ অক্টোবর) পরবর্তী ম্যাচে ক্রোয়েশিয়ার বন্দরনগরী রিজেকায় স্বাগতিকদের মুখোমুখি হবে ইংল্যান্ড। সমর্থকদের বিশৃঙ্খল আচরণের কারণে ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের মার্চে ফ্রান্সের বিপক্ষে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ঘটে যাওয়া ঘটনার জেরে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ম্যাচের প্রস্তুতি প্রসঙ্গে টুখেল জানান, তিন দিনের বিরতি খেলোয়াড়দের শারীরিকভাবে প্রস্তুত করার সুযোগ দিয়েছে। বিশেষ করে অ্যান্ডারসন ও অ্যান্থনি গর্ডনের ওপর সাম্প্রতিক ম্যাচগুলোর ধকল সামলাতে তাঁদের বিশেষ নজর দিতে হয়েছে।
তিনি আরও জানান, ও’রাইলি ছাড়া দলের বাকি খেলোয়াড়েরা অনুশীলনে অংশ নিয়েছেন। চিকিৎসার প্রয়োজন হওয়ায় ও’রাইলিকে দ্রুত জাতীয় দলের ক্যাম্প ছাড়তে হয়েছে।























