বিমানবন্দর থানায় হস্তান্তর জামায়াত নেতা আখতারুজ্জামান
- আপডেট সময় ১০:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 46
বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
এর আগে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারের কয়েক ঘণ্টা আগে তার বিরুদ্ধে বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি, নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা করা হয়।
শুক্রবার দুপুরে বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়েছে।
এদিকে আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ নির্দেশ দেন। মামলাটির তদন্ত করছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম।






















