৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ
- আপডেট সময় ১০:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 35
ফিফা আসিয়ান কাপে হতাশাজনক সমাপ্তি হলো বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের দল। এর মধ্য দিয়ে টুর্নামেন্টে টানা তিন পরাজয় নিয়ে বিদায় নিল বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করেও ১-০ ব্যবধানে পরাজিত হয় দলটি। ফলে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে থমাস ডুলির শিষ্যরা।
ম্যাচের শুরুতে বাংলাদেশের খেলায় কিছুটা গুছানো ভাব থাকলেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। ১১ মিনিটে ওলে রোমেনির পাস থেকে গোল করে ইন্দোনেশিয়াকে এগিয়ে দেন লে বেকার। ২০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।
৩২ মিনিটে রিজকি রিদোর পাস থেকে তৃতীয় গোল পায় ইন্দোনেশিয়া। তবে চার মিনিট পর সুকির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান বাংলাদেশের শাহরিয়ার ইমন।
কিন্তু গোল শোধের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটেই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। ৪২ মিনিটে আরও একবার জালের দেখা পান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। ফলে বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৬-১।
দ্বিতীয়ার্ধেও স্বাগতিকদের আক্রমণের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯-২ গোলের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এই পরাজয়ে আসিয়ান কাপে তিন ম্যাচের সবকটিতেই হারল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে মাত্র দুই গোল করতে পেরেছে দলটি, বিপরীতে হজম করেছে ১৩ গোল।


























