১ অক্টোবর প্রকাশ হচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি
- আপডেট সময় ১২:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 28
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আগামী ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক অনুষ্ঠানের মাধ্যমে সূচি প্রকাশ করা হবে। একই দিন বিশ্বকাপের টিকিট পেতে আগ্রহী দর্শকদের জন্য নিবন্ধন ও ব্যালট কার্যক্রমও শুরু হবে।
আগেই নির্ধারিত হয়েছে, ২০২৭ সালের বিশ্বকাপের উদ্বোধন হবে ২ অক্টোবর। মহাত্মা গান্ধীর জন্মদিন ‘গান্ধী জয়ন্তী’তে শুরু হতে যাওয়া এই আসর শেষ হবে ২১ নভেম্বর।
এবারের বিশ্বকাপে খেলবে ১৪টি দল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত কাট-অফ তারিখে ১০ দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার কথা রয়েছে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল মূল পর্বে জায়গা করে নেবে। বাকি চার দল বাছাইপর্ব উতরে বিশ্বকাপে অংশ নেবে। সূচি প্রকাশের সময় তাদের ‘কোয়ালিফায়ার ১’ থেকে ‘কোয়ালিফায়ার ৪’ হিসেবে উল্লেখ করা হবে।
আয়োজক দেশগুলোর তালিকায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে রয়েছে নামিবিয়াও। তবে নামিবিয়ার বিশ্বকাপের মূল পর্বে খেলা এখনো নিশ্চিত হয়নি।
বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী র্যাঙ্কিংয়ের মাধ্যমে বিশ্বকাপে জায়গা পাওয়ার অবস্থানে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। তালিকায় ভারতের অবস্থান শীর্ষে। এরপর নিউজিল্যান্ড দ্বিতীয়, পাকিস্তান চতুর্থ, অস্ট্রেলিয়া পঞ্চম, ইংল্যান্ড ষষ্ঠ, শ্রীলঙ্কা সপ্তম, আফগানিস্তান অষ্টম এবং বাংলাদেশ রয়েছে নবম স্থানে।
বাংলাদেশ র্যাঙ্কিংয়ে নবম অবস্থানে থাকলেও দক্ষিণ আফ্রিকার স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের কারণে বাংলাদেশের জন্য র্যাঙ্কিংয়ের মাধ্যমে জায়গা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে মূল পর্বে যেতে হলে বাছাইপর্ব খেলতে হবে। আগামী বছরের শুরুতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপের টিকিটের ক্ষেত্রেও ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রথম ধাপ। ওই দিন সরাসরি টিকিট বিক্রি শুরু হবে না; বরং আগ্রহী দর্শকদের ব্যালট প্রক্রিয়ায় অংশ নিতে নিবন্ধন করতে হবে। পরবর্তী সময়ে ব্যালটের মাধ্যমে নির্বাচিত দর্শকদের টিকিট কেনার সুযোগ দেওয়া হবে।
























