দুর্গন্ধ পেয়ে ঘরে, ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় ০৬:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 34
পাবনার আটঘরিয়ায় বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বসতঘর থেকে চাম্পা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে চাম্পা খাতুনের বাড়ির আশপাশে দুর্গন্ধ পান প্রতিবেশীরা। পরে বিষয়টি এলাকাবাসীকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে বসতঘরের ভেতরে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চাম্পা খাতুনের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, চাম্পা খাতুন মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয়দের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি।
স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন বলেন, সকালে পাশের বাড়ির লোকজন দুর্গন্ধ পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়রা সেখানে গিয়ে চাম্পা খাতুনের মরদেহ দেখতে পান।
চাম্পা খাতুনের স্বামী আসলাম হোসেন মালয়েশিয়ায় প্রবাসী বলে জানিয়েছেন স্থানীয়রা।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।























