পুত্রের জন্মদিনে শাকিব-অপুর আবেগঘন শুভেচ্ছা
- আপডেট সময় ০৬:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 24
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। ছেলের বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব ও মা অপু—দুজনেই।
জয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের একটি একক ছবি প্রকাশ করেন শাকিব খান। ছবিতে কালো পাঞ্জাবি ও কটি পরা অবস্থায় দেখা যায় জয়কে। ছবির সঙ্গে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
অন্যদিকে, জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
গোপনে বিয়ে, পরে প্রকাশ্যে আসে
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। ক্যারিয়ারের কথা বিবেচনায় নিয়ে শুরুতে তাদের বিয়ের খবরটি গোপন রাখা হয়েছিল।
এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে আব্রাহাম খান জয়।
পরের বছর, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে নিজেদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস।

























