নেপালে তুষারধস, পর্বতারোহীসহ নিখোঁজ ১০
- আপডেট সময় ০৩:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 36
নেপালের মানাং জেলায় তুষারধসে পর্বতারোহীসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তিব্বত সীমান্তের কাছে হিমলাং হিমল পর্বতের বেস ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।
৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলাং হিমল পর্বতটি পর্বতারোহীদের কাছে বেশ জনপ্রিয়। তুষারধসের সময় সেখানে কয়েকটি দল অবস্থান করছিল। এরপর থেকেই ১০ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে পর্বতারোহী, তাদের সহকারী এবং দুজন রাঁধুনিও রয়েছেন।
‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-এর সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারী জানান, নিখোঁজদের মধ্যে ‘ইম্যাজিন নেপাল প্রাইভেট লিমিটেড’-এর দুজন এবং ‘হিমালয়ান হলিডেজ নেপাল’-এর আটজন রয়েছেন।
নেপাল সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বাধা তৈরি হচ্ছে। নিখোঁজরা ঠিক কোথায় আটকা পড়েছেন, তা শনাক্তের চেষ্টা চলছে।
অভিযানের আয়োজক মিংমা গিয়ালজে শেরপা জানান, গত সপ্তাহেই ওই এলাকায় দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তখন বেশিরভাগ পর্বতারোহী ও সহযোগী নিরাপদ স্থানে নেমে গেলেও কয়েকজন সেখানে থেকে যান।
এদিকে কয়েক দিন ধরে তিব্বত সীমান্তসহ নেপালের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত ও বৃষ্টি হচ্ছে। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ হয়ে গেছে। পর্যটকদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে গত মাসে তিব্বত সীমান্তের কাছে ভোটেকোশী নদীতে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি হিসাবে ওই ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ জনের মৃত্যু এবং ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এর এক মাসের মধ্যেই মানাংয়ে নতুন করে তুষারধসের ঘটনা ঘটল।























