বিমান চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি
- আপডেট সময় ০১:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 30
ইরানের বিমান চলাচল ও বিমানবন্দরসেবা বন্ধ করে দেওয়া হলে পুরো অঞ্চলের কোনো দেশকেই এ ধরনের সুবিধা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মাদ মোখবের।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই অঞ্চলে বিমান চলাচল সবার জন্য উন্মুক্ত থাকবে, অথবা কারও জন্যই থাকবে না।
মোখবের জানান, ইরানকে বিমান চলাচল ও বিমানবন্দরসেবা থেকে বঞ্চিত করা হলে অন্য দেশগুলোকেও এসব সুবিধা ভোগ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক নীতি’ বাস্তবায়নে যারা ওয়াশিংটনের পাশে থাকবে, তাদের অবস্থান ইরানের জনগণের মনে থাকবে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ইরানের বিমান চলাচল নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিষেধাজ্ঞার কারণে ইরানি বিমান সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন বিমানবন্দর ও সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত হয়ে আসছে।
এরই মধ্যে ইরাকের নাজাফ, এরবিল ও সুলাইমানিয়া বিমানবন্দর ইরানের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে। এর আগে বাগদাদ বিমানবন্দরেও ইরানি ফ্লাইট বন্ধ করা হয়। এতে ইরান ও ইরাকের মধ্যে ইরানি বিমান সংস্থাগুলোর সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতও ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট স্থগিত করেছে। আজারবাইজান ও জর্জিয়াতেও ইরানি ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছিলেন।
তবে অন্য দেশের বিমানবন্দর কার্যক্রমে ইরান কীভাবে বাধা দেবে, সে বিষয়ে মোখবের বা রেজাই কোনো নির্দিষ্ট পদক্ষেপের কথা জানাননি।
বিশ্লেষকদের মতে, এই হুঁশিয়ারির তাৎক্ষণিক প্রভাবের চেয়ে প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ তৈরির বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ। কারণ নিষেধাজ্ঞার কারণে ইরানের আন্তর্জাতিক বিমান যোগাযোগ দ্রুত সংকুচিত হয়ে আসছে।






















