হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান
- আপডেট সময় ১১:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 37
ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে নতুন সামরিক প্রযুক্তি ব্যবহার করে পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি। তার দাবি, দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন ও অসম যুদ্ধকৌশলের ওপর গুরুত্ব বাড়ানোর ফলে ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় বেড়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে শেকারচি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে আগের তুলনায় দেশটির প্রস্তুতিও বেশি বলে দাবি করেন তিনি।
শেকারচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য শত্রুর জন্য কিছু ‘চমক’ও প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের হামলার জবাব নতুন সামরিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে বলেও জানান তিনি।
ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেন, দেশটির অসম যুদ্ধকৌশলের মূল লক্ষ্য হলো ব্যয়বহুল ও ভারী অস্ত্রের মোকাবিলায় তুলনামূলক কম খরচের, কার্যকর ও বাস্তবসম্মত প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা।
তথ্যসূত্র: আল জাজিরা






















