বাব এল-মান্দেব পরিদর্শন আইআরজিসির
- আপডেট সময় ০১:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 29
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিশেষজ্ঞরা। সেখানে রাডার স্থাপন ও পাহাড়ের ভেতর সুড়ঙ্গ তৈরির কাজে সহায়তা এবং তদারকির জন্য তারা ওই এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) হুতিদের দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সূত্রগুলো জানায়, আইআরজিসির প্রতিনিধিরা বাব এল-মান্দেব অঞ্চল, মোখা বন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বাঞ্চলের জাবাল আল-নার ক্যাম্প পরিদর্শন করেন। পাহাড়বেষ্টিত এই এলাকায় আগে থেকেই সুড়ঙ্গ ও সামরিক অবকাঠামো রয়েছে।
হুতিরা দুই সপ্তাহ আগে মোখা দখলের পর বাব এল-মান্দেব প্রণালিতে নিয়ন্ত্রণ আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে পাহাড়ি এলাকায় নতুন সুড়ঙ্গ তৈরির কাজ চলছে। পাশাপাশি মোখা ও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের জুকার দ্বীপে রাডার স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে। এসব রাডারের মাধ্যমে ড্রোন ও যুদ্ধবিমান শনাক্ত করার লক্ষ্য রয়েছে।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনীর সূত্র জানিয়েছে, বাব এল-মান্দেবের কাছে কাহবুব পাহাড়ি এলাকায় হুতিদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই তীব্র হয়েছে। ওই পাহাড়ি এলাকা থেকে প্রণালিটির ওপর নজরদারি করা সম্ভব।
গত জুলাই থেকে হুতি ও ইয়েমেনি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এতে বেসামরিক নাগরিকসহ আনুমানিক ১ হাজার ৬৬৪ জনের বেশি মানুষ নিহত এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: এএফপি
























