রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২০০ চেকপোস্ট ডিএমপির
- আপডেট সময় ০২:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 29
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকা মহানগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশের টহল।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর অন্তত আটটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পর নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়।
পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করছে। প্রয়োজন অনুযায়ী সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দুই শতাধিক চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। একই সঙ্গে ঢাকায় প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ পথেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
এসব পথে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পাশাপাশি হামলার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নও শুক্রবার রাত থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে। বিভিন্ন এলাকায় তাদের টহলও জোরদার করা হয়েছে।
নগরীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
























