ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট নির্মাতাদের সহযোগিতা চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০১:৪১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 13
ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসাসেবার ওপর ভরসা না রেখে সাধারণ মানুষের অভ্যাস ও আচরণে পরিবর্তন আনতে দেশের আলোচিত ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের সম্মিলিতভাবে কাজে নামার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বিষয়টিকে কেবল পেশাগত কাজ হিসেবে না দেখে জীবন রক্ষার সামাজিক দায়বদ্ধতা ও আন্তরিক আগ্রহ থেকে সৃজনশীল কনটেন্ট তৈরি করা প্রয়োজন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের সামনের সারির কনটেন্ট নির্মাতা ও সোশ্যাল মিডিয়া যোগাযোগকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গুবিরোধী সচেতনতা কর্মসূচির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কয়েক হাজার তরুণ স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে তিন মাসের এ কর্মসূচির সূচনা করেন।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু চিকিৎসার জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনা পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে, পাশাপাশি স্যালাইনের জোগান ও হাসপাতালের শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে তাঁর ভাষ্য, চিকিৎসাসেবা দিয়েই সংক্রমণ ও মৃত্যু ঠেকানো যাবে না; এর জন্য মানুষের আচরণে পরিবর্তন জরুরি। ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মতো কাজে মানুষকে উদ্বুদ্ধ করতে কনটেন্ট নির্মাতারাই বড় ভূমিকা রাখতে পারেন, কারণ তাঁদের বক্তব্য মানুষ মনোযোগ দিয়ে শোনে।
সভায় বলা হয়, প্রচলিত ধাঁচের সরকারি প্রচারণার সীমাবদ্ধতা কাটিয়ে জনগণের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে জনপ্রিয় ডিজিটাল নির্মাতাদের সম্পৃক্ত করতে চায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাসের সমন্বিত একটি রূপরেখা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে তিন মাসের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। অংশ নেওয়া নির্মাতা ও এজেন্সিগুলোকে দ্রুত তাদের প্রাথমিক ভাবনা ও পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ ডিজিটাল ক্যাম্পেইনের কনটেন্ট আনুষ্ঠানিকভাবে প্রচারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।






















