২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পের উপদেষ্টাদের সতর্কতা
- আপডেট সময় ০১:২৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 45
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। মার্কিন চাপের মুখেও তেহরান প্রতিরোধ চালিয়ে যেতে পারলে এই যুদ্ধ ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুদ্ধের সম্ভাব্য স্থায়িত্ব নিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিস ও সিচুয়েশন রুমে আলোচনা হয়েছে। সেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইরানের দীর্ঘমেয়াদি প্রতিরোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তাদের আশঙ্কা, সামরিক ও অর্থনৈতিক চাপের মধ্যেও ইরান টিকে থাকতে পারলে সংঘাত আরও দীর্ঘ হতে পারে। এমনকি ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার সময় পর্যন্তও যুদ্ধ চলতে পারে।
তবে এ মূল্যায়নের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের মিল নেই। বুধবার তিনি বলেছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। তার দাবি, ইরান আর বেশিদিন মার্কিন চাপ মোকাবিলা করতে পারবে না।
ট্রাম্প জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার সুযোগ এখনও রয়েছে। তবে এ মুহূর্তে আলোচনাকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন না।
এদিকে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। ইরানি তেলবাহী কয়েকটি ট্যাংকার ধ্বংসের পর হরমুজ প্রণালির কাছে ইরানের পাল্টা হামলার খবর সামনে এসেছে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামও বেড়েছে।
জ্বালানির দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের ওপর নতুন চাপ তৈরি হয়েছে। বিশেষ করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে, যা নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, সংঘাত মোকাবিলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিও দীর্ঘায়িত করার প্রস্তুতি চলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেখানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনার মোতায়েনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়িয়েছেন। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনির্দিষ্টকাল রাখার পরিকল্পনাও রয়েছে।
এ অবস্থায় বিশ্লেষকদের কেউ কেউ আশঙ্কা করছেন, ইরান যুদ্ধ শেষ পর্যন্ত ইরাক ও আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে।
সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল
























