বাংলাদেশ-হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি
- আপডেট সময় ০৬:০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 23
বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (আইপিপিএ) স্বাক্ষরিত হয়েছে। নতুন এ চুক্তির ফলে দুই পক্ষের বিনিয়োগকারীদের পুঁজি সুরক্ষা ও বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) হংকংয়ে অনুষ্ঠিত ১১তম বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬-এর উদ্বোধনী পর্বে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হংকং সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই।
চুক্তির আওতায় বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগকারীদের পারস্পরিক বিনিয়োগ এবং পুঁজির সুরক্ষা আরও জোরদার হবে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিবেশ তৈরি এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগও সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে হংকং সপ্তম বৃহত্তম উৎস। নতুন এই চুক্তির ফলে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের প্রবাহ বাড়তে পারে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে হংকং থেকে বাংলাদেশ প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) পেয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই এসেছে প্রায় ১২২ মিলিয়ন ডলার।
সংশ্লিষ্টদের মতে, আইপিপিএ স্বাক্ষরের ফলে বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগ সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রেও চুক্তিটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

























