সাভারে পুলিশ সদস্য হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার
- আপডেট সময় ১২:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 26
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে গাড়ি পার্কিং নিয়ে কথাকাটাকাটির জেরে একদল যুবকের হামলায় আলতাব হোসেন নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহতের স্ত্রী রোববার (৬ সেপ্টেম্বর) সাভার থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। ওই মামলার প্রধান আসামি হিসেবে জহিরুলকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নিহতের স্ত্রীর কাছ থেকে এজাহার নিয়ে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় মারধরে জড়িত এবং যে গাড়িকে কেন্দ্র করে মূলত বিরোধের সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট জহিরুলকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ঘটনার সঙ্গে আরও যারা সম্পৃক্ত, তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে আলতাব হোসেন হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, একজন পুলিশ সদস্যকেই যদি এভাবে হত্যা করা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়। তারা দ্রুত সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয়রা বলেন, সুষ্ঠু বিচার হলে এলাকায় শান্তি ফিরবে। এ ঘটনায় সরকারের কাছে তারা দ্রুত বিচার নিশ্চিত করার প্রত্যাশা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাতে গাড়ি পার্কিং নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে একদল যুবক আলতাব হোসেনকে মারধর করে। তাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হয়।
নিহত আলতাব হোসেনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।

























