তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’
- আপডেট সময় ০২:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 17
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী সুপার টাইফুন ‘চামপি’ তাইওয়ানের দিকে এগিয়ে আসায় ভূমি সতর্কতা জারি করা হয়েছে। ঝড়টির প্রভাবে তাইওয়ানে অভ্যন্তরীণ রুটের একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে দুর্যোগের আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার সময়সূচিও পরিবর্তন করা হচ্ছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি। ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এটি উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূল হয়ে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টাইফুনটির ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটারে পৌঁছেছে। এতে তাইওয়ানের অধিকাংশ এলাকা ঝড়টির আওতায় পড়েছে। উপকূলীয় অঞ্চলে ছয় মিটার পর্যন্ত উঁচু ঢেউ এবং পাহাড়ি এলাকায় এক মিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে পাহাড়ি ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাইওয়ানের পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার মূলত অভ্যন্তরীণ রুটের ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বাসিন্দাকে সরিয়ে নেওয়ার খবর পাওয়া যায়নি। ঝড়টির প্রভাব তাইওয়ানের কাছাকাছি জাপানি দ্বীপগুলোতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপানের ওকিনাওয়া অঞ্চলের জনবসতিহীন দ্বীপ ইয়োনাগুনিতে ঝড়টি আঘাত হানতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাপানের বিমান সংস্থা জাপান এয়ারলাইনস, এএনএ ও স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে শতাধিক ফ্লাইট বাতিল করেছে। এতে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, টাইফুনের কারণে তাইওয়ানসংলগ্ন জাপানি দ্বীপগুলোতে চলমান যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড’-এর সময়সূচিও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে। দুই বছর মেয়াদি এই মহড়ায় প্রায় ৫৬ হাজার সেনা অংশ নিচ্ছেন।
























