সদস্য দেশগুলোকে লক্ষ্য করে হাইব্রিড কর্মকাণ্ডে কঠোর বার্তা ন্যাটোর
- আপডেট সময় ০২:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 18
ন্যাটো সদস্য দেশগুলোর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পরিচালিত হাইব্রিড যুদ্ধের কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার। এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় সদস্য দেশগুলোর পাশে যুক্তরাষ্ট্র থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার ইতালিতে একটি ব্যবসায়িক সম্মেলনের ফাঁকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন হুইটেকার।
তিনি বলেন, ন্যাটোর সদস্য দেশগুলোকে ইচ্ছাকৃত হাইব্রিড কর্মকাণ্ডের মাধ্যমে চ্যালেঞ্জের মুখে পড়লে প্রস্তুত ও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে এ ধরনের তৎপরতার বিরুদ্ধে শক্ত অবস্থান এবং স্পষ্ট বার্তা দেওয়ার প্রয়োজন রয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে গত মাসে জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর একটি বলে উল্লেখ করেন হুইটেকার। বার্লিন ওই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে।
এর আগে ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়ার চালানো কয়েকটি ড্রোন পথভ্রষ্ট হয়ে ন্যাটোর সদস্য দেশগুলোর ভূখণ্ডে প্রবেশ করেছিল বলেও জানান তিনি।
হুইটেকার বলেন, লাইপজিগ ও পোল্যান্ডে দেখা ঘটনাগুলোকে তিনি আরও উদ্বেগজনক হাইব্রিড কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করেন।
তিনি বলেন, কোনো ঘটনার পেছনে কারা রয়েছে তা শনাক্ত করা সম্ভব হলে সংশ্লিষ্টদের স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য এবং ন্যাটো তা সহ্য করবে না।
জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও এ ধরনের কর্মকাণ্ডের লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেন হুইটেকার। এসব স্থাপনার নিরাপত্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণে জাতীয় কর্তৃপক্ষগুলোর সতর্ক থাকা উচিত বলেও তিনি উল্লেখ করেন।
হুইটেকার জানান, এ ধরনের চ্যালেঞ্জের জবাব দেওয়ার দায়িত্ব মূলত সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় কর্তৃপক্ষের। তবে সদস্য দেশগুলো যখন এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলা করবে, তখন যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে।























