শিরোনাম :
ডেঙ্গুতে প্রাণ গেল ব্যবসায়ীর
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:১৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 24
ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে গোলাম সারওয়ার টিপু নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টিপু সোনাগাজী উপজেলার চর মজলিসপুর ইউনিয়নের কাটাখিলা মুন্সিবাড়ির বাসিন্দা এবং ফেনী শহরের গ্রান্ড হক টাওয়ারের ‘মোবাইল বাজার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে নেওয়া হয়। পরে চমেক হাসপাতালের আইসিইউতে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে। এদিকে, চলতি বছর ফেনীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রথম আট মাসেই জেলায় ২৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
























