মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির মরদেহ উদ্ধার
- আপডেট সময় ০৬:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 15
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বীরভূম জেলার রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে নিজেদের বাড়ির দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রামপুরহাটের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি। তার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় রামপুরহাট-১ ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন। বৃষ্টি মুখোপাধ্যায় ছিলেন নীহার মুখোপাধ্যায়ের মেয়ে।
পুলিশ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়িটির দোতলা থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃষ্টির বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম করে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল। শিক্ষক নিয়োগসংক্রান্ত দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর তিনি গ্রুপ-সি পদে পাওয়া চাকরিটি হারান।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া প্রমাণ অনুযায়ী, গ্রুপ-সি পরীক্ষার ওএমআর শিটের প্রায় ৯০ শতাংশে গরমিল পাওয়া গিয়েছিল। তদন্তের সময় অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগে যাদের নাম সামনে আসে, তাদের মধ্যে বৃষ্টির নামও ছিল। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি চাকরি হারান।
এদিকে সম্প্রতি স্বামীর সঙ্গে বৃষ্টির বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলা চলছিল। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বৃষ্টি নিজের ঘরে একাই থাকতেন এবং অন্যদের সঙ্গে খুব বেশি কথা বলতেন না।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।



















