সড়কে মৃ/ত্যুর মিছিল, জুলাইয়ে ঝরল ৪১৮ প্রাণ
- আপডেট সময় ০২:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 28
জুলাই মাসে (২০২৬) দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪১৮ জনের আহত হয়েছেন ৫৩৯ জন। এর মধ্যে ১০৯ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।
রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিআরটিএ চেয়ারম্যানের স্বাক্ষরিত প্রতিবেদনটি ১২ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দেওয়া তথ্য মতে, বিভাগভিত্তিক সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রামে। সেখানে সংঘটিত ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জনের মৃত্যু হয় ও ১৪৬ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১০৪টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০১ জনের এবং আহত হয়েছেন ১২২ জন।
এ ছাড়া সিলেট বিভাগে ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে ৫৬টি সড়ক দুর্ঘটনায় ৫৭ জনের মৃত্যু, রংপুর বিভাগে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন, খুলনা বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন, ময়মনসিংহে ২৫টি দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু এবং বরিশালে ২১টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
বিআরটি’র পক্ষ থেকে জানানো হয়, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে মোটরসাইকেল ১২৪টি, কাভার্ডভ্যান ১৪২টি, বাস বা মিনিবাস ১০৬টি এবং সিএনজিচালিত অটোরিকশা ৫৭টি ছিল।
শুধু জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বোচ্চ ১০৯ জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া বাস দুর্ঘটনায় নিহত ৪৫ জন, ট্রাক দুর্ঘটনায় ৫৬ জন, সিএনজি দুর্ঘটনায় ৪০ জন এবং অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় ৯১ জন নিহত হয়েছেন।
বিআরটিএ আরও জানান, সারাদেশের বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে মাসিক প্রতিবেদন প্রস্তুত করেছেন তাঁরা।






















