জাহাজে দুই বিদেশি ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই ক্রুর মৃত্যু
- আপডেট সময় ১০:২৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 109
চট্টগ্রামের আনোয়ারা উপকূলের গভীর সমুদ্রে নোঙর করা একটি বিদেশি জাহাজে দুই ক্রুর মধ্যে সহিংস মারামারির ঘটনায় এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে তাঁকে অত্যন্ত গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ওই থাই নাগরিকের নাম রাফিফং কালাহান (৩০)। তাঁর বাবার নাম সানইয়াপং কালাহান। তিনি ‘এমটিকেপিপি০১’ নামের একটি পণ্যবাহী জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতালে নিহত ক্রুর মরদেহ নিয়ে আসা শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিনের বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ি জানায়, আনোয়ারা থানাধীন সমুদ্রের ‘চার্লি অ্যানকর পয়েন্টে’ নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে প্রথমে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে একজন অপরজনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে রাফিফং কালাহান রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরবর্তীতে জাহাজ থেকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে নিহত থাই নাগরিকের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সাগরে বিদেশি জাহাজে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চালুর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

























