সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ের সময় অসুস্থ হয়ে দৌড়বিদের মৃত্যু
- আপডেট সময় ১১:৫১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 21
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৪ আগস্ট সকাল ৬টার দিকে সোনারগাঁ রানার্সের আয়োজনে ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ দশমিক ৫ কিলোমিটারের দৌড়ে প্রায় অর্ধেক পথ অতিক্রম করার পর বালুয়া দিঘিরপাড় এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টিপু সুলতান। বিষয়টি জানতে পেরে প্রতিযোগিতার আয়োজকদের মেডিকেল টিম দ্রুত তাঁকে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর প্রধান আয়োজক শিমুল ভূইয়া বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে টিপু সুলতানও ছিলেন। দৌড়ের সময় অসুস্থ হয়ে পড়ার পরপরই তাঁকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
টিপু সুলতানের মৃত্যুতে আয়োজক কমিটি শোক ও সমবেদনা জানিয়েছে। প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

























