শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোক: আইনমন্ত্রী আসাদুজ্জামান
- আপডেট সময় ০৫:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 16
আইনমন্ত্রী ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন—এটাই তিনি প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী এগিয়ে যাবে।
শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। তিনি বলেন, ‘আমিও বিশ্বাস করতে চাই, উনি ডিসেম্বরে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। আইন তার নিজস্ব গতিতেই চলবে।’
শেখ হাসিনাকে নিয়ে নিজের বক্তব্যে আইনমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি বলেন, এসব অভিযোগের সত্যতার বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত হওয়া উচিত এবং শেখ হাসিনা দেশে ফিরলে সেই প্রক্রিয়ার মুখোমুখি হতে পারবেন।
বিচার বিভাগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তার প্রত্যাশা এমন একটি বিচার ব্যবস্থা, যেখানে সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আস্থা রাখতে পারবেন। তবে বিচার বিভাগে এখনো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কেউ বিচার বিভাগের কাঠামোগত দুর্বলতার কথা বলেন, কেউ দুর্নীতির অভিযোগ তোলেন। তবে তার মতে, বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব। বিচারকদের ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, ভিডিও কনফারেন্স বা অন্য কোনো মাধ্যমে বক্তব্য দেওয়ার পরিবর্তে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত। তার ভাষ্য, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোর বিচার আদালতেই হওয়া উচিত।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















