পাঁচ দফা দাবিতে কাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট
- আপডেট সময় ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 6
পাঁচ দফা দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।
তিনি জানান, দীর্ঘদিন ধরে উত্থাপিত বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
সমিতির পক্ষ থেকে জানানো পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত পার্কিং সুবিধা নিশ্চিত করা এবং হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোলমুক্ত ব্যবস্থা চালু করা।
এ ছাড়া লাশবাহী ফ্রিজার ভ্যান ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য টোলমুক্ত সুবিধা নিশ্চিত করা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি বলছে, দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে দাবি বাস্তবায়নের জন্য তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।



















