নিউরোসায়েন্সেসে ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০১:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 0
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার, ১৫ আগস্ট সকাল ১০টায় নবনির্মিত ১৫তলা ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। নতুন ভবন যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মোনাজাতে অংশ নেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করার লক্ষ্যেই হাসপাতালটিতে নতুন ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে। তাঁদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে প্রথমে ২০১২ সালে ১০তলা ভবনে ৩০০ শয্যার চিকিৎসাসেবা চালু করা হয়। পরবর্তী সময়ে রোগীর চাপ বাড়তে থাকায় চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য আরও ২০০ শয্যা যুক্ত করা হয়।
এবার নবনির্মিত ১৫তলা ভবনের মাধ্যমে হাসপাতালটিতে আরও ৫০০ শয্যা যুক্ত হলো। এর ফলে প্রতিষ্ঠানটির মোট শয্যা এখন ১ হাজার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।





















