আন্দোলনের মধ্যে অসুস্থ তেলাপোকার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আপডেট সময় ০৬:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 20
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার, ২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, কয়েক ঘণ্টার বিশ্রামের জন্য সাময়িকভাবে আন্দোলনস্থল থেকে দূরে থাকবেন। তবে সন্ধ্যার মধ্যে দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরে আসার কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে অভিজিৎ দীপকে বলেন, গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে ব্যথানাশক ওষুধ গ্রহণ করছেন বলেও জানান তিনি।
তিনি লেখেন, যন্তর মন্তরে তাকে দেখতে না পেলে দুঃখিত। সুস্থ হওয়ার জন্য কিছু সময় বিশ্রামের প্রয়োজন এবং সন্ধ্যার মধ্যে আবার প্রতিবাদস্থলে ফিরবেন।
এদিকে, অভিজিৎ দীপকেসহ আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছেন।
এর আগে বুধবার রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। তবে দিল্লি পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করা হয়।
ঘটনার পর পুলিশের বিরুদ্ধে কঠোরতার অভিযোগ করেন অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে, আন্দোলনটি ভারতজুড়ে আরও বিস্তৃত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






















