ভ্যাটের আওতায় আসছে মুদি ও বিউটি পারলার: অর্থমন্ত্রীর
- আপডেট সময় ০৭:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 31
মুদিদোকান, বিউটি পারলারসহ বিভিন্ন খুচরা ও সেবাভিত্তিক ব্যবসা আগামী ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপন করা হয়।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মুদিদোকান ও বিউটি পারলারের পাশাপাশি তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, প্রসাধনীর দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের ব্যবসা, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটর এবং বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া মোবাইল ফোন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, ওভেনসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, পেইন্ট ও হার্ডওয়্যার ব্যবসা, স্যানিটারি ও ফিটিংস, টাইলস, ঢেউটিন, রড ও সিমেন্টের দোকান, ফার্নিচার ব্যবসা, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্টও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে।
অর্থমন্ত্রী জানান, ভ্যাট ব্যবস্থার আওতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আদায় আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) খাত থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।


























