ফুটবল মাঠ থেকে ক্যামেরার সামনে, ‘ব্রাজেন্টিনা’য় অভিনয়ে জামাল ভূঁইয়া
- আপডেট সময় ১১:২৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 22
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার অভিনয়ে নাম লিখিয়েছেন। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ নামের আট পর্বের একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। সোমবার, ১৬ জুন রাজধানীর কলাবাগান মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে। আগামী ৩০ জুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
তারিক মুহাম্মাদ হাসানের পরিচালনায় নির্মিত এই সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা। এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদকে।
বিজ্ঞাপনচিত্রে এর আগে কাজ করলেও কোনো ওয়েব সিরিজ বা নাটকে এটিই জামাল ভূঁইয়ার প্রথম অভিনয়। নতুন অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, শুরুতে অভিনয়ে আগ্রহী ছিলেন না। চার বছর আগে পরিচালক তার সঙ্গে একটি কাজের বিষয়ে যোগাযোগ করেছিলেন, তবে ব্যস্ততার কারণে তখন রাজি হননি। এবারও প্রথমে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। পরে পরিচালকের পূর্ববর্তী কাজ দেখে এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গে আলোচনা করে অভিনয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, পুরো বিষয়টি তার কাছে নতুন এবং কিছুটা জাদুকরি মনে হচ্ছে। তবে কাজটি সহজ নয় বলেও মনে করছেন তিনি। পেশাদার অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং হলেও সেটি উপভোগ করছেন বলে জানান জাতীয় দলের এই মিডফিল্ডার।
তিনি আরও জানান, যে কলাবাগান মাঠে সিরিজটির শুটিং চলছে, সেখান থেকেই তার ফুটবল ক্যারিয়ারের সূচনা হয়েছিল। ফলে জায়গাটির সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতিও জড়িয়ে আছে।
প্রথম দিনের শুটিং শেষে জামালের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান। তার ভাষ্য, অভিনয়ে নতুন হলেও জামাল অত্যন্ত আন্তরিক। প্রতিটি দৃশ্য মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছেন এবং দ্রুত অভিনয়ের বিভিন্ন দিক রপ্ত করে নিচ্ছেন।
সিরিজটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়, সেটিকেই গল্পের মূল উপজীব্য করা হয়েছে। তবে বিষয়টি ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
জামাল ভূঁইয়াকে সিরিজে যুক্ত করার বিষয়ে নির্মাতা বলেন, এটি শুধুমাত্র চমক তৈরির উদ্দেশ্যে নয়; গল্পের প্রয়োজন এবং দর্শকদের আগ্রহ বিবেচনা করেই তাকে নির্বাচন করা হয়েছে।
এর আগে দেশের ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে একাধিক নাটক নির্মাণ করেছেন তারিক মুহাম্মাদ হাসান। তার নির্মিত কাজের মধ্যে রয়েছে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে ‘টি-টোয়েন্টি’, নারী ক্রিকেটার জাহানারা আলমকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হককে নিয়ে ‘টাইব্রেকার’। সেই ধারাবাহিকতায় এবার অভিনয়ের জগতে যুক্ত হলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

























